অভিনয় দক্ষতা দিয়ে দুই বাংলায় জায়গা করে নিয়েছেন চঞ্চল চৌধুরী। সেই ধারাবাহিকতায় রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর মধ্যে দেশের বাইরে সিনেমার শূটিংয়ে অংশ নিয়েছেন তিনি। কাজাখস্তানে শূটিং দিয়ে শুরু হয় ছবির দৃশ্যায়নের কাজ। একটু বিশ্রাম নিয়ে গত ৩ জানুয়ারি থেকে পাবনায় দ্বিতীয় ধাপের শূটিং শুরু হয়েছে ছবিটির।
জানা গেছে, ‘দম’ সিনেমার শূটিং আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এই শূটিংয়ে অংশ নিতে চঞ্চল চৌধুরীও পৌঁছে গেছেন। সেখান থেকে রবিবার ফেসবুকে একটা সরিষা খেতের ছবি পোস্ট করেন। সঙ্গে ক্যাপশন লিখেছেন, গ্রামের নাম অষ্টমনিষা, হলুদ সরিষা খেত, শীতের সকালে এখানে একটু দম নিচ্ছি।
‘দম’ সিনেমার মাধ্যমে বেশ কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমার কাহিনী। এতে থাকবে সারভাইভাল ড্রামা। এটি একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে নয় দর্শককে জীবনেও অনুপ্রেরণা দেবে। ২০২৩ সালের ডিসেম্বরে ‘দম’ সিনেমার ঘোষণা আসে। তখনই জানা যায়, এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। পরে যুক্ত হন আফরান নিশো ও পূজা চেরী। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘দম’।