‘দ্য কেরালা স্টোরি ২’ এর মুক্তি ঘিরে আইনি জটিলতা আপাতত কাটল। কেরালা হাইকোর্ট সিনেমাটির ওপর জারি থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছে। ২৭ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তা আটকে যায়। তবে নতুন করে আদালতের নির্দেশে এবার সিনেমাটির মুক্তির পথ প্রশস্ত হলো।
এর আগে বৃহস্পতিবার বিচারপতি বেচু কুরিয়ান থমাস ‘দ্য কেরালা স্টোরি ২’ মুক্তিতে স্থগিতাদেশ দেন। একই সঙ্গে সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং নিয়ম মেনে কাজ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। এ পরিস্থিতিতে নির্মাতারা উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হন। পরে বিচারপতি এস এ ধর্মাধিকারী ও পি ভি বালাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ আগের আদেশ বাতিল করে দেন।
আদালত জানায়, সেন্সরের ছাড়পত্র পাওয়া সিনেমার মুক্তি স্থগিত রাখার প্রয়োজন নেই। শুক্রবার বিকেল চারটায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। তবে আইনি জটিলতার কারণে ২৭ ফেব্রুয়ারির নির্ধারিত মুক্তি সম্ভব হয়নি। নতুন মুক্তির তারিখ পরে জানাবেন নির্মাতারা।
এই মামলার সূত্রপাত হয় জীববিদ্যা বিশেষজ্ঞ শ্রীদেব নাম্বোদরির দায়ের করা অভিযোগ থেকে। তার দাবি, ছবির ট্রেলারে কেরালাকে অত্যন্ত নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে, যার সুদূরপ্রসারী সামাজিক প্রভাব পড়তে পারে। শুনানির সময় আদালত প্রাথমিকভাবে পিটিশনারের দাবিকে ‘সম্ভবত’ সত্য বলেই মন্তব্য করেন। এরপরই মুক্তিতে স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেন্সর বোর্ডও ভর্ৎসনার মুখে পড়ে।
‘দ্য কেরালা স্টোরি ২’ সিনেমার টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই বিতর্ক দানা বাঁধে। সেখানে একাধিক ভীতসন্ত্রস্ত নারীর কাহিনির মাধ্যমে জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলে ধরা হয়েছে। চরিত্রগুলোর মধ্যে রয়েছে সুরেখা নাইয়ার ও নেহা সন্তের মতো নাম। নেপথ্য কণ্ঠে শোনা যায়, ‘আমাদের মেয়েরা প্রেমে পড়ে না, ফাঁদে পড়ে। এবার থেকে আর সহ্য করবে না তারা, ঘুরে দাঁড়াবে।’
টিজার–ট্রেলারে দেখানো হয়েছে—কেউ আইএএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখত, কেউ প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হতে চাইত, কেউ আবার ভালোবাসার টানে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণের কথা বলেছে। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙে যায়। সেখানে আরও দাবি করা হয়, দেশকে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে। এসব কারণেই প্রথম পর্বের মতোই ছবিটির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বীজ বপনের অভিযোগ উঠেছে।
সব মিলিয়ে বিতর্ক, আইনি টানাপোড়েন ও আদালতের হস্তক্ষেপের পর অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘দ্য কেরালা স্টোরি ২’।