টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারতকে অন্যতম হটফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছিল। শুরু থেকেই দলটি দারুণ পারফরম্যান্স দেখাচ্ছিল, তার ওপর বিশ্বকাপের ম্যাচগুলো নিজেদের মাঠে খেলছে তারা। তবে সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। এই পরাজয়ের ফলে এখন সেমিফাইনালে ওঠা নিয়ে জটিল সমীকরণে পড়েছে দলটি।
সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে হারিয়েছে ভারতকে। স্বাগতিকদের জন্য সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে উঠেছে। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০টি আসরের ইতিহাসে এটি ভারতের অন্যতম বড় পরাজয়।
ভারতের এই হারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের আলোচনায় তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা ভারতকে ‘উচিত শিক্ষা’ দিয়েছে।
সাকলায়েন মুশতাকের ভাষ্য, দক্ষিণ আফ্রিকার পরিকল্পনা পুরোপুরি সফল হয়েছে এই ম্যাচে। তারা ভারতকে সম্পূর্ণভাবে চাপে ফেলে দেয় এবং সব বিভাগে আধিপত্য দেখায়। তার মতে, সাম্প্রতিক সময়ে ভারত যেভাবে এগোচ্ছিল, এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা তাদের বাস্তবতা বুঝিয়ে দিয়েছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন ক্ষেত্রেই ছিল দক্ষিণ আফ্রিকার দারুণ প্রস্তুতি ও কার্যকর পরিকল্পনা।
এদিকে আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে ভারত। ওই ম্যাচে হারলে বর্তমান চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া নিশ্চিত হয়ে যাবে।