পাকিস্তানি কোচের মুখে নাহিদ রানার প্রশংসা

২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ৩–০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। ১১ বছর পর আবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে নেমে হার দিয়েই শুরু হলো তাদের নতুন মিশন। এই হারের পর নিজেদের ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি বাংলাদেশের পেসার নাহিদ রানার প্রশংসাও করেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। বুধবার মিরপুরে আগে ব্যাটিং করতে নেমে নাহিদ রানার বোলিং তোপে পড়ে পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদ রানার বোলিংয়ের প্রশংসা করেন হেসন। তিনি বলেন, ‘উইকেট ভালো ছিল। নাহিদ রানা অসাধারণ বোলিং করেছে। সে যখন বোলিংয়ে আসে, তখনই ম্যাচের চিত্র পাল্টে যায়। তার বোলিংয়ের ভ্যারিয়েশন এবং বাউন্সের কারণে আমাদের ব্যাটিং খুব চাপের মধ্যে পড়ে।’ মাত্র ২৪ রানে পাকিস্তানের টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন নাহিদ। তার বোলিংয়ের প্রশংসা করে হেসন বলেন, ‘রানা খুব ভালো জায়গায় বোলিং করেছে। আমি প্রথমবার তাকে সরাসরি বোলিং করতে দেখলাম। সে নিখুঁত জায়গায় বল ফেলছিল। তার ৫ উইকেটের পারফরম্যান্স সত্যিই বিশেষ কিছু। সে এই পারফরম্যান্সের পূর্ণ স্বীকৃতি পাওয়ার যোগ্য।’ পাকিস্তানের ব্যাটিং একাদশে এদিন তিনজন টপ অর্ডার ব্যাটারের অভিষেক হয়েছে, যারা নাহিদের বোলিংয়ে ব্যর্থ হয়েছেন। তবে হেসনের মতে, শুধু অনভিজ্ঞরাই নয়–দলের অভিজ্ঞ ব্যাটাররাও ভালো করতে পারেননি। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং পারফরম্যান্স মোটেও সন্তোষজনক হয়নি। কেবল তরুণ খেলোয়াড়রাই নয়, পুরো দলের ব্যাটিংই খারাপ ছিল। আমাদের দ্রুত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।’ তরুণ ক্রিকেটারদের সময় দেওয়ার পক্ষেও কথা বলেন পাকিস্তান কোচ। তিনি বলেন, ‘তরুণদের শেখার সুযোগ দিতে হবে। সবাই আশা করে নতুন খেলোয়াড়রা এসে শতরান করবে। কিন্তু এমন পরিস্থিতিতে পড়াটা তাদের জন্য স্বাভাবিক। আমাদের ধৈর্য ধরে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *