চালু হচ্ছে তিন মাল্টিপ্লেক্স

একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার বাস্তবতায় যখন দেশের চলচ্চিত্র প্রদর্শনী খাত সংকুচিত, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছে নতুন কয়েকটি মাল্টিপ্লেক্স প্রকল্প। দেশের তিন জেলায় নতুন তিনটি মাল্টিপ্লেক্স চালুর প্রস্তুতি চলছে। ঈদকে কেন্দ্র করে এসব প্রেক্ষাগৃহ দর্শকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ায় দুটি মাল্টিপ্লেক্স নির্মাণ করছে দেশের শীর্ষ প্রদর্শনী প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকায় সীমান্ত টাওয়ারে নির্মাণাধীন শাখাটিতে তিনটি হল থাকবে। সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল ফিতরেই এটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার কাজও চলমান রয়েছে। সেখানে দুটি হল থাকবে এবং চলতি বছরের মধ্যেই এটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সারাদেশে সিনেমা হল কমে যাওয়ার প্রেক্ষাপটে নতুন প্রেক্ষাগৃহ চালুর বিষয়ে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘স্টার সিনেপ্লেক্স আগে থেকেই সারাদেশে ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল। নারায়ণগঞ্জ ও বগুড়ার প্রকল্পগুলোর কাজ অনেক আগেই শুরু হলেও বিভিন্ন কারণে তা শেষ হতে সময় লেগেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বড় শহরগুলোকে গুরুত্ব দেওয়া হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও মাল্টিপ্লেক্স সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নতুন হলগুলো চালু হলে সিনেমার দর্শক বাড়বে বলে মনে করি।’ 

এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্সের কাজও প্রায় শেষ পর্যায়ে।

মালিক ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, মাল্টিপ্লেক্সটির প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল আজহায় উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এলাকাটিতে এখনও কোনো মাল্টিপ্লেক্স না থাকায় দর্শক চাহিদার কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *