বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার তৃতীয় পর্যায়ের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) পিএসসি ২৮ আগস্ট প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
পিএসসি জানায়, প্রার্থীদের পরীক্ষার দিন নির্ধারিত অনলাইন ফরম বিপিএসসি ফরম-১ বোর্ডে জমা দিতে হবে, যা কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। ফরমের সঙ্গে প্রার্থীদের প্রয়োজনীয় সনদ ও ডকুমেন্টের দুটি সত্যায়িত কপি জমা দিতে হবে, এবং মূল সনদ পরীক্ষার বোর্ডে প্রদর্শন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফরম ও কাগজপত্র জমা না দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
এছাড়া, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার আগে অনলাইনে বিপিএসসি ফরম-৩ পূরণ করে জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া ফরমের দুটি কপি মৌখিক পরীক্ষার দিনে বোর্ডে জমা দিতে হবে।
পিএসসি আরও জানিয়েছে, কোনো প্রার্থীকে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নির্ধারিত সময় ও তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
কমিশন জানায়, মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন কোনো প্রার্থীর জন্য গ্রহণযোগ্য কারণে ছাড়া করা হবে না। তবে প্রয়োজন হলে তারিখ পরিবর্তনের পুরো দায়িত্ব কমিশনের হাতে থাকবে।