নগরীর উত্তর কাট্টলীর কর্নেল জোন্স রোডে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ক্ষতিকর রং ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার এবং রানা দেবনাথ। অভিযান সূত্রে জানা যায়, কর্নেল জোন্স রোডের ভাই ভাই ইত্যাদি শপে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মুম্বাই সুইটসের মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির জন্য ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় মাতৃ ফার্মেসিকে ৮ হাজার টাকা এবং ক্যাফে আজমীর হোটেল এন্ড রেস্টুরেন্টে নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল হাইড্রোজ ব্যবহার করায় ২০হাজার টাকা এবং এম.পি ট্রেডিংকে এলপিজি গ্যাস বিক্রয়ের অনিয়মের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জাানিয়েছেন অধিদপ্তরের বিভাগীয় উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।