বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে উপহার গ্রহণের বিড়ম্বনা ও তার নির্দিষ্ট নীতিমালা নিয়ে আলোচনা করেছেন। তার এই পোস্টটি ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রায় ১ হাজার শেয়ার হয়েছে।
ফাওজুল কবির তার পোস্টে বলেছেন, বিভিন্ন সময় দায়িত্ব পালনের সময়ে তিনি নিজের বিবেচনায় উপহার ফেরত দেন। কিছুদিন আগে শ্রীলংকা সফরের অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি জানিয়েছেন, সেখানে এক মন্ত্রীপর্যায়ের বৈঠকে তাকে একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি উপহার দেওয়া হয়েছিল, যা তিনি পছন্দ করেছিলেন কিন্তু পরে তোশাখানায় জমা দেন। একই ঘটনা ভারতীয় একটি কোম্পানির আইপ্যাড উপহার নিয়ে ঘটেছিল, যেখানে তিনি আইপ্যাড পছন্দ করলেও শেষ পর্যন্ত সেটি ফেরত দেন।
ফাওজুল কবির আরও জানিয়েছেন, উপহার গ্রহণের ক্ষেত্রে তার নিজের সীমা আছে। তিনি মনে করেন, ৫০০ থেকে ১০০০ টাকা মূল্যের উপহার গ্রহণযোগ্য, তবে এর চেয়ে বেশি মূল্যমানের উপহার গ্রহণ করা উচিত নয়।
তিনি তার ফেসবুক পোস্টে প্রলোভনের ঊর্ধ্বে ওঠাকে জনপ্রতিনিধিদের প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে, আসন্ন নির্বাচনে নির্লোভ জনপ্রতিনিধিরাই নির্বাচিত হবে।
এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সরওয়ার কামাল জানান, মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা ৫০ হাজার টাকার কম মূল্যের উপহার গ্রহণ করতে পারেন, তবে এর চেয়ে বেশি মূল্যের উপহার গ্রহণ করলে সেটি বাড়তি মূল্য পরিশোধ করে রাখা যায় বা তোশাখানায় জমা দেওয়া হয়।