পঞ্চগড় সীমান্ত দিয়ে ফের ৯ জনকে ঠেলে দিল বিএসএফ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ফের নয়জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী-বিএসএফ।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে তাদের ঠেলে দেওয়া হয়।

এ ছাড়া বৃহস্পতিবার ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

তার নাম পপি রায়। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়ার সীমান্ত দিয়ে আছমা আক্তার (৪০) নামে এক নারী ও তার তিন শিশুসন্তানকে ঠেলে দেয় বিএসএফ। তারা যশোর জেলার বাসিন্দা। মুম্বাইয়ে দীর্ঘদিন বসবাসের পর আছমা পুলিশের হাতে আটক হন।

এরপর সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে আরও পাঁচ নারীকে ঠেলে দেওয়া হয়। তারা সীমান্তের মেইন পিলার ৭৫৬ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

পরে ডাংগিপুকুর বাজার এলাকায় তাদের স্থানীয় জনপ্রতিনিধি আটক করে পুলিশের দেয় বলে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান।

তারা হলেন- সাদিয়া খাতুন (৩৫), শারমিন সুলতানা সুমি (৩৫), মল্লিকা (৩২), ময়না খাতুন (৪৫) ও হালিমা (৩১)।

পরিচয় যাচাই করে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *