বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি–তা সরকারিভাবে নির্ধারণে কাজ শুরু করেছে জরিপ অধিদপ্তর। জরিপদল ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বান্দরবানের রুমা ও থানচিতে পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ শীর্ষবিন্দু নির্ণয় করবে। এই জরিপের মাধ্যমে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, কেওক্রাডং নাকি সাকা হাফং- তা দীর্ঘদিনের বিতর্কের নিষ্পত্তি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জরিপ অধিদপ্তর আধুনিক জিওডেটিক পদ্ধতি ও গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বোচ্চ শৃঙ্গের গড় সমুদ্রতল থেকে উচ্চতা নির্ধারণে একটি সমন্বিত জরিপ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই জরিপের লক্ষ্য হলো সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং গড় সমুদ্রতল থেকে উচ্চতা উভয় ক্ষেত্রেই সেন্টিমিটার স্তরের নির্ভুলতা নিশ্চিত করা। সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ারের নেতৃত্বে চলতি দায়িত্বে থাকা উপ-পরিচালক (জরিপ) দেবাশীষ সরকারের তত্ত্বাবধানে থানচি ও রুমায় অবস্থান করে বিভিন্ন পাহাড়ের উচ্চতা পরিমাপ করা হবে।
জরিপ কার্যক্রমের জন্য সদ্য প্রস্তুতকৃত জিওড মডেলের মাধ্যমে জিএনএসএস রিসিভার থেকে পাওয়া উপবৃত্তাকার উচ্চতা পরিমাপের মাধ্যমে পর্বতশৃঙ্গের এমএসএল উচ্চতা নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব। জরিপ দলটি বান্দরবান জেলার থানচি, রেমাক্রি, রুমা ও তিন্দু ইত্যাদি দুর্গম এলাকায় গমন করে ডুয়াল ফ্রিকোয়েন্সি জিএনএসএস রিসিভার, আরটিকে রিসিভার, টোটাল স্টেশন, লেভেল মেশিন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়গুলোর চূড়ার উচ্চতা নির্ণয় করবে।