যুদ্ধ শিগগিরই শেষ হবে বলছেন ট্রাম্প, শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণ চায় ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং ইরানে আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি যখনই এটি (যুদ্ধ) শেষ করতে চাইব, তখনই এটি শেষ হবে। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা ভাবছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, তারা কেবল শত্রুর পরিপূর্ণ পরাজয়ের কথা ভাবছে। ইরানের ওপর থেকে যুদ্ধের ছায়া না সরা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাহিনীটি। গতকাল বুধবার এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য জানায়। আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েলসহ মার্কিন আগ্রাসনবাদের বিরুদ্ধে হামলার ৩৮তম ধাপ শুরু করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে দুটি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এতে আহত একশো জন ব্যক্তিকে দেশটির আল জাবের এবং আল মুবারাক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিউরিং ঘাঁটি আগে আদিরি নামে পরিচিত ছিল এবং এটি কুয়েতের উত্তরাঞ্চলে অবস্থিত। এছাড়া কুয়েতের দুটি নৌঘাঁটি ‘মোহাম্মদ আল আহমদ’ ও ‘আলী আল সালেম’ এ অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়ট এবং মার্কিন সন্ত্রাসী সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহভাবে হামলা করা হয়েছে। আইআরজিসি আরও জানায়, তারা বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের নতুন নেতার আহত হওয়ার খবর : ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও তিনি নিরাপদে আছেন বলে দেশটির প্রেসিডেন্টের ছেলের ভাষ্য। ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের ছেলে এবং সরকারি উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান বুধবার তার টেলিগ্রাম চ্যানেলে এ কথা বলেছেন।

ইউসেফ পেজেশকিয়ান লিখেছেন, আমি শুনেছিলাম যে জনাব মুজতাবা খামেনি আহত হয়েছেন। কয়েকজন পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিলাম। তারা বলেছেন, আলহামদুলিল্লাহ, তিনি নিরাপদে আছেন, ভালো আছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মুজতাবা খামেনিকে রমজান যুদ্ধের আহত প্রবীণ যোদ্ধা হিসেবে বর্ণনা করলেও তার আঘাতের বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি।

নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে ও উত্তরসূরি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন, যা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের সূচনা ঘটায়। ৫৬ বছর বয়সী মুজতাবা খামেনি বরাবরই চুপচাপ স্বভাবের ব্যক্তি হিসেবে পরিচিত; তিনি খুব কমই প্রকাশ্যে এসেছেন বা সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন।

রোববার তাকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তিনি জাতির উদ্দেশে কোনো ভাষণ দেননি বা লিখিত বিবৃতি প্রকাশ করেননি। তিনজন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বুধবারের এক প্রতিবেদনে লিখেছে, যুদ্ধ শুরুর দিনই আহত হন মুজতাবা খামেনি। পায়ে আঘাতসহ কিছু চোট পেয়েছেন তিনি। তবে তিনি সচেতন অবস্থায় আছেন। অত্যন্ত নিরাপদ একটি স্থানে তিনি আশ্রয়ে রয়েছেন, সেখানে যোগাযোগের সুযোগ সীমিত।

তেলের দাম নিয়ে হুঁশিয়ারি ইরানের : তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে বিশ্বকে এর জন্য প্রস্তুত থাকতে বলেছে ইরানের সামরিক কমান্ড। বুধবার অবরুদ্ধ পারস্য উপসাগরে আরও তিনটি জাহাজে হামলার পর তেহরান এই হুঁশিয়ারি দিল। পেন্টাগন মঙ্গলবার তাদের চালানো হামলাকে এ যাবৎকালের সবচেয়ে তীব্র বলে বর্ণনা করলেও ইরান বুধবার ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মাধ্যমে তেহরান প্রমাণ করেছে যে, তারা এখনও পাল্টা হামলা চালানো এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত করার সক্ষমতা রাখে।

চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম হু হু করে বাড়লেও বর্তমানে তা কিছুটা কমে ব্যারেল প্রতি ৯০ ডলারের কাছাকাছি এসে থিতু হয়েছে। বিনিয়োগকারীরা আশা করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল দুই সপ্তাহ আগে শুরু হওয়া এই যুদ্ধ দ্রুত শেষ করার একটি পথ খুঁজে পাবেন। তবে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ হয়, যা বর্তমানে অবরুদ্ধ। ১৯৭০ সালের তেল সংকটের পর জ্বালানি সরবরাহে এটিই সবচেয়ে বড় বিপর্যয়। ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন। কারণ, এই দাম আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভরশীল, যা আপনারা নষ্ট করেছেন।

ওদিকে, উপসাগরে প্রজেক্টাইলের আঘাতে আরও তিনটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে থাইল্যান্ড, জাপান ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১৪টি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সহযোগীদের জন্য এক লিটার তেলও পার হতে দেবে না হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের খাতাম আল–আম্বিয়া সামরিক কমান্ড সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের দিকে যাওয়া যেকোনো জাহাজ বা ট্যাংকার আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে। ইব্রাহিম জোলফাকারির ভাষ্য, ইরানের পাল্টা আঘাত হানার নীতি এখন শেষ হয়েছে। তেহরানের বর্তমান নীতি হবে আঘাতের বদলায় চরম আঘাত।

মধ্যপ্রাচ্যে মার্কিন–ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্রে হামলার হুঁশিয়ারি : মধ্যপ্রাচ্যজুড়ে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকিং ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইরান এবার আঘাত হানবে বলে জানিয়েছেন তেহরানের খাতাম আল–আনবিয়া সামরিক কমান্ড সদরদপ্তরের এক মুখপাত্র। তেহরানে ইরানের অন্যতম বৃহৎ সরকারি ব্যাংক সেপাহ সংশ্লিষ্ট একটি প্রশাসনিক ভবনে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলার পর বুধবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আগের রাতে তেহরানে ওই ব্যাংকের প্রশাসনিক ভবনে হামলা হয়। ‘তাদের ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনারা ও জায়নবাদী নির্দয় শাসকগোষ্ঠী (ইসরায়েল) আমাদের দেশের একটি ব্যাংককে নিশানা করেছে। এই বেআইনি ও অস্বাভাবিক পদক্ষেপের মাধ্যমে শত্রুরা আমাদের অঞ্চলজুড়ে থাকা মার্কিন ও জায়নবাদী শাসকগোষ্ঠী সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে আঘাত হানতে বাধ্য করেছে,’ মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি এমনটাই বলেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংস্থা। অঞ্চলজুড়ে থাকা বিভিন্ন ব্যাংক থেকে লোকজনকে এক কিলোমিটার দূরে থাকারও পরামর্শ দিয়েছেন ইরানের যুদ্ধকালীন কমান্ড খাতাম আল–আনবিয়া সদরদপ্তরের এ মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *