আন্তর্জাতিক রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প। এবার ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে নিজেকে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নাটকীয় রাজনৈতিক প্রেক্ষাপটে প্রকাশিত এই পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও জল্পনা।
সোমবার (১২ জানুয়ারি) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ডিজিটাল ছবি পোস্ট করেন। ছবিটিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম দেখা যায়। দৃশ্যত এটি অনলাইন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার একটি সম্পাদিত বা পরিবর্তিত অংশ বলে মনে হচ্ছে, যেখানে ২০২৬ সালের জানুয়ারি থেকে তাকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওই ছবিতে ট্রাম্পের রাজনৈতিক পরিচিতিও তুলে ধরা হয়েছে। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয় এবং সর্বশেষ ২০ জানুয়ারি ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন বলেও লেখা রয়েছে।
এই ছবি সামনে আসার সময় ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক এক মার্কিন সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
মাদুরো অপসারিত হওয়ার পর ভেনেজুয়েলার সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী দেশটির সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করায়।
এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, নিকোলাস মাদুরোকে মার্কিন ফেডারেল আদালতে মাদক পাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে।
এর আগেও সামরিক অভিযানের পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ভেনেজুয়েলাকে সাময়িকভাবে মার্কিন নিয়ন্ত্রণে রাখা হবে। সে সময় তিনি বলেছিলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই দেশটির প্রশাসনিক দায়িত্ব পালন করবে।
সব মিলিয়ে ট্রাম্পের শেয়ার করা এই ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ পরিচয়ের ছবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও প্রশ্নের জন্ম দিয়েছে, যা আগামী দিনে ভেনেজুয়েলা সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।