ভয়াবহ বন্যায় ব্রাজিলে ২৩ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে গত সোমবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও ভয়াবহ বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় উদ্ধারকারী ও জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অন্তত ৪০ জন নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

রাজ্যের জুইজ ডি ফোরো পৌরসভায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সেখানে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খুঁজে বের করতে দুর্যোগ-প্রশিক্ষিত কুকুর ও আধুনিক সরঞ্জাম নিয়ে কয়েক ডজন উদ্ধারকর্মী কাজ করছেন। তবে আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

রাজ্যের সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রিও ডি জেনিরো থেকে প্রায় ৩১০ কিলোমিটার উত্তরে অবস্থিত জুইজ ডি ফোরো শহরে অন্তত ৪৪০ জন মানুষ গৃহহীন হয়েছেন। শহরের মেয়র মার্গারিদা সালোমাও জানান, এলাকায় অন্তত ২০টি ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বেশ কিছু ঘরবাড়ি পুরোপুরি ধসে পড়েছে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একটি শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। জুইজ ডি ফোরো ছাড়াও পার্শ্ববর্তী উবা শহরে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ব্রাজিলের ফায়ার ব্রিগেডের মেজর ডিমেট্রিয়াস গৌলার্ট আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি-কে জানান, সোমবার রাতে প্রবল বৃষ্টির সময় অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। নদীর পানি উপচে লোকালয়ে ঢুকে পড়ায় বিস্তীর্ণ এলাকা কাদা ও পলিমাটির নিচে তলিয়ে গেছে।

মেয়র সালোমাও জানান, মাত্র চার ঘণ্টায় সেখানে ১৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসটি এই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে আর্দ্র মাস হিসেবে রেকর্ড করা হয়েছে।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য এখন মানুষের জীবন রক্ষা, বাস্তুচ্যুতদের সহায়তা এবং মৌলিক সেবা দ্রুত পুনরুদ্ধার করা।

বর্তমানে মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের শতাধিক কর্মকর্তা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় সরকার সম্মিলিতভাবে পুনর্গঠনের পরিকল্পনা করলেও টানা বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।ব্রাজিলে ভয়াবহ বন্যায় ২৩ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *