বড়দিনের আগের সন্ধ্যায় (ক্রিসমাস ইভ) ইউক্রেনীয়দের উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যেখানে পুতিনকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘আমরা প্রত্যেকে মনে মনে ভাবতে পারি, তার মৃত্যু হোক।’
ভাষণে এ কথা বলার আগে জেলেনস্কি প্রচলিত বিশ্বাসের কথা স্মরণ করেন। বলেন, ‘এই রাতে (ক্রিসমাস ইভ) স্বর্গের দরজা খুলে যায়। তাই সবাই প্রার্থনায় নিজ নিজ ইচ্ছা প্রকাশ করেন। এবার আমরা প্রত্যেকে মনে মনে ভাবতে পারি- তার মৃত্যু হোক।’
জেলেনস্কি বলেন, ‘আমরা ইউক্রেনে শান্তি চাই। সেটির জন্য লড়াই করছি, প্রার্থনা করছি। আমরা সেটির যোগ্য।’ ভাষণের শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, কল্যাণ ও সত্যের জয় হবে। শান্তির বিজয় যেন আসে। ইউক্রেন যেন টিকে থাকে।
ইউক্রেনে বড়দিনের ছুটির আগমুহূর্তেও হামলা অব্যাহত রাখে রাশিয়া। সবশেষ গত মঙ্গলবারের হামলায় অন্তত তিনজন নিহত হন, আহত হন ১২ জন। ওই হামলায় অন্তত ৬৩৫টি রুশ ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আক্রমণের ফলে পশ্চিমাঞ্চলের রিভনে, তেরনোপিল ও খমেলনিতস্কি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়।
ভাষণে জেলেনস্কি বলেন, বড়দিনের আগে রাশিয়া আবারও নিজেদের চরিত্র দেখিয়েছে। ব্যাপক গোলাবর্ষণে তারা কয়েক’শ ‘শাহেদ’ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যারা ঈশ্বরকে মানে না, খ্রিস্টধর্মের মানবিকতা থেকে বিচ্ছিন্ন তারাই এভাবে আঘাত হানে।