দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি স্কুলছাত্র সাহিলের মৃত্যু

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ইন্তেকাল করেছেন প্রবাসী বাংলাদেশি স্কুলছাত্র সাহিল জামান (১২)। (ইন্নালিল্লাহি — রাজিউন)।সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ প্রবাসী প্রকৌশলী জামান ও মিসেস নাজমুন নাহার বুবলী দম্পত্তির দ্বিতীয় সন্তান সাহিল জামান আজ বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় উম্ম আল কওয়াইন শেখ খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ আগে দুবাই থেকে রাস আল খাইমাহ ফেরার পথে পরিবারের সদস্যদের সঙ্গে প্রাইভেটকারে যাত্রাকালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে তারা দুর্ঘটনার কবলে পড়েন। এ ঘটনায় সাহিল মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে উম্ম আল কওয়াইন শেখ খলিফা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার ক্রমাগত অবনতি হলে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় সাহিলের মা নাজমুন নাহার বুবলী, তার স্বামী ও একমাত্র কন্যা আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
সাহিল জামানের অকাল মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠন শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে জানাজা শেষে রাস আল খাইমাহতে তার দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহত সাহিলের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *