১৮৩ বছরের ইতিহাসে তৃতীয়বারের মতো বড় ধরনের মালিকানা পরিবর্তনের সাক্ষী হলো প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ‘দি ইকোনমিস্ট’। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ‘দি ইকোনমিস্ট গ্রুপের’ (টিইজি) শেয়ারের একটি বড় অংশ কিনে নিলেন কানাডীয় বিলিয়নিয়ার স্টিফেন স্মিথ।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, লিন ফরেস্টার ডি রথচাইল্ডের হাতে থাকা সব শেয়ার স্মিথ ও তার পারিবারিক হোল্ডিং কোম্পানি ‘স্মিথ ফিন্যান্সিয়াল কর্পোরেশনের’ মালিকানায় চলে গেছে।
স্মিথ ফিন্যান্সিয়াল কর্পোরেশন মূলত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মালিক। প্রভাবশালী প্রক্সি অ্যাডভাইজরি গ্রুপ ‘গ্লাস লুইসের’ সহ-মালিকানাও রয়েছে প্রতিষ্ঠানটির হাতে। এখন ইকোনমিস্ট গ্রুপের ২৬ দশমিক ৯ শতাংশ শেয়ার তাদের হাতে গেল। তবে এই লেনদেনের আর্থিক অংক প্রকাশ করা হয়নি।
গত বছরের এক প্রতিবেদন অনুযায়ী, রথচাইল্ড পরিবারের এই মিডিয়া গ্রুপের শেয়ারের মূল্য প্রায় ৫৩৭ মিলিয়ন ডলার।
‘দি ইকোনমিস্ট’ নিজেকে একটি ‘সংবাদপত্র’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়া, টিইজির অধীনে রয়েছে ডিজিটাল পাবলিকেশন ‘১৮৪৩ ম্যাগাজিন’ এবং একটি বিজনেস ইন্টেলিজেন্স ইউনিট।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত এক বছরে টিইজি আয় করে ৩৬৯ মিলিয়ন পাউন্ড, আর মুনাফা হয়েছে ৪৮ মিলিয়ন পাউন্ড। ওই সময়ে ইকোনমিস্টের গ্রাহক (সাবস্ক্রাইবার) ৩ শতাংশ বেড়ে হয়েছে ১ দশমিক ২৫ মিলিয়ন।
কানাডার ধনকুবের স্মিথ যেসব শেয়ারের মালিক হলেন সেগুলো ২০০২ সাল থেকে লিন ফরেস্টার ডি রথচাইল্ড ও তার পারিবারিক ফাউন্ডেশনের হাতে ছিল।
লিন বর্তমানে ‘ইএল রথচাইল্ড’ প্রাইভেট ফ্যামিলি অফিসের সিইও এবং অলাভজনক সংস্থা ‘কাউন্সিল ফর ইনক্লুসিভ ক্যাপিটালিজমের’ প্রতিষ্ঠাতা।