শিশু হিসানের জন্য ‘মুন অ্যালার্ট’

রাজধানীর মুগদা এলাকা থেকে অপহৃত তিন বছরের শিশু হিসান রহমানকে দুই দিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মুগদা থানায় মামলা হয়েছে। জারি করা হয়েছে ‘মুন (মিসিং আর্জেন্ট নোটিফিকেশন) অ্যালার্ট’। বুধবার দুপুরে মায়ের অসতর্কতার সুযোগে শিশুটিকে নিয়ে পালিয়ে যান এক ইজিবাইক চালক।

মুগদা থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বৃহস্পতিবার সমকালকে বলেন, শিশু নিখোঁজের ঘটনায় প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে অপহরণ মামলা হয়। বিষয়টি জানার পর থেকেই শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হচ্ছে। তবে এখনও তাকে পাওয়া যায়নি।

বুধবার তিনি সাংবাদিকদের জানান, সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুসন্তানকে ইজিবাইকে বসিয়ে রেখে তাঁর মা সামনের দোকানে যান। পরমুহূর্তে ইজিবাইক চালক গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ফুটেজে ইজিবাইক চালকের ছবি অস্পষ্ট। ঢাকার সব থানায় বিষয়টি জানানো হয়েছে।

শিশুটির মা সুমাইয়া আক্তার জানান, মুগদার দক্ষিণগাঁও এলাকার ছয় নম্বর সড়কের একটি বাসায় স্বামী-সন্তান নিয়ে থাকেন তিনি। তাঁর স্বামী হারুন রহমান প্রবাসী। বুধবার সকালে তিনি একটি ক্লিনিক্যাল টেস্টের রিপোর্ট নিতে মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যান। সঙ্গে ছিল হিসান। দুপুর সোয়া ১টার দিকে তিনি সন্তান নিয়ে বাসায় যাওয়ার জন্য হাসপাতালের সামনে থেকে একটি ইজিবাইকে ওঠেন। এরপর পানি পিপাসা বোধ করায় তিনি চালককে একটি দোকানের সামনে থামতে বলেন। পরে তিনি হিসানকে রিকশায় রেখে দোকানে গিয়ে এক বোতল পানি কেনেন। ফিরে দেখেন ইজিবাইকটি নেই। 

শিশুটির মামা আজিজুর রহমান বলেন, আমরা আশপাশের এলাকায় খুঁজেছি। কিন্তু ওই চালক দ্রুত ইজিবাইক নিয়ে কোথাও পালিয়ে গেছে। এত অল্প সময়ের মধ্যে এ ঘটনা ঘটেছে যে হিসানের মা বুঝতেই পারেননি। সন্তানকে খুঁজে না পেয়ে এখন তিনি পাগলপ্রায়। 

জিডি হওয়ার পরপরই ঘটনার গুরুত্ব বিবেচনায় ‘মুন অ্যালার্ট’ জারি করা হয়। শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। মুন অ্যালার্টের ফেসবুক পেজ ও অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেখানে হিসানের ছবিসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সহায়তায় শিশুটিকে দ্রুত শনাক্ত ও উদ্ধার করতে মেট্রোরেল এলাকা ও বিভিন্ন বিলবোর্ডে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।

শিশুটির অবস্থান বা অপহরণ-সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে ১৩২১৯ (টোল-ফ্রি) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে মুন অ্যালার্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *