মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ১৫

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

সংশ্লিষ্ট সূত্র বলছে, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। গত রাতে এ ঘটনার পর আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। 

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে পরস্পরকে আক্রমণ করে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সামান্য আহত হয়েছেন। কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই। 

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসের সামনে হাতাহাতির একপর্যায়ে ছাত্রদলের এক নেতাকে চাকু দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের ধাওয়া পাল্টা ধাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত ৩টার দিকে পরিস্থিতি শান্ত হয়। ক্যাম্পাসসহ ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।‎

এদিকে দুই পক্ষই আগে আক্রমণের শিকার হওয়ার দাবি করেছে। ‎ছাত্রদলের অভিযোগ, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। তাদের এক কর্মীকে ছুরি দিয়ে আঘাত করা হয়। 

অন্যদিকে শিবিরের পক্ষ থেকেও দাবি করা হয়, তাদের কর্মীদের ওপর হামলা করা হলে তারা প্রতিরোধ করেন।‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *