কুষ্টিয়া বিএনপির অভিযোগ বাক্সে জমা পড়েছে ৮টি অভিযোগপত্র, তিন নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কুষ্টিয়া প্রেস ক্লাবে স্থাপিত বিএনপির অভিযোগ বাক্সে গত এক সপ্তাহে ৮টি নতুন অভিযোগপত্র জমা পড়েছে, যার মধ্যে তিন বিএনপি নেতা, তিন সাংবাদিক এবং বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে।

বুধবার সকালে চতুর্থবারের মতো কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ বাক্স খোলা হলে এসব অভিযোগ পাওয়া যায়।

অভিযোগগুলোতে কুষ্টিয়ার তিন বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। এছাড়া, তিন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগও জমা পড়েছে। আরও কিছু অভিযোগে কুষ্টিয়ায় কর্মরত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি এবং অন্যান্য অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মিলপাড়ায় জায়গা দখল ও হুমকি-ধমকির বিষয়েও অভিযোগ জমা পড়েছে।

অভিযোগপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সেক্রেটারি আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, দৈনিক খবরওয়ালা পত্রিকার সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একজন পৌরসভার কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগও জমা পড়েছে।

উল্লেখ্য, ২১ জুলাই কুষ্টিয়া জেলা বিএনপি দলের নেতাকর্মীদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে অভিযোগ পেতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বাক্স স্থাপন করে। কুষ্টিয়া প্রেস ক্লাবের নিচে ফটকের পাশে এই অভিযোগ বাক্সটি স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *