ইয়াবা সরবরাহ করতে যাচ্ছিলেন যুবক, বাসেই ধরা ইয়াবার চালান

গাজীপুরের বাঘের বাজার এলাকায় বাস থামিয়ে এমদাদুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযানের সময় তাকে তল্লাশি করে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা। ডিএনসি কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার যুবক ইয়াবার পাইকারি কারবারি। তিনি কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান এনে গাজীপুরে খুচরা বিক্রেতাদের সরবরাহ করেন।

ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান সমকালকে বলেন, গাজীপুরে সম্প্রতি ইয়াবার বড় কয়েকটি চালান ধরা পড়েছে। নকল ইয়াবা তৈরির কারখানারও সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে, ঢাকা মহানগরে ডিএনসিসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতার কারণে পার্শ্ববর্তী জেলা গাজীপুরকে টার্গেট করেছে মাদক কারবারিরা। তারা এখন সেখানকার বিভিন্ন এলাকায় ইয়াবার চালান হাতবদল ও মজুদ করছে। সেখান থেকেই খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। 

ডিএনসি সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বাঘের বাজার এলাকায় ময়মনসিংহগামী ‘আলম এশিয়া’ পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। তখন এমদাদুল হককে গ্রেপ্তার ও ইয়াবার চালান জব্দ করা হয়। এ ঘটনায় গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন ডিএনসির পরিদর্শক মাহাবুর রহমান। মামলাটি ডিএনসি কর্তৃপক্ষই তদন্ত করবে।

ডিএনসি ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ বলেন, গ্রেপ্তার এমদাদুল হকের বাড়ি নেত্রকোণার পূর্বধলা থানার জারিয়া এলাকায়। তবে তিনি ঢাকা অঞ্চলের খুচরা বিক্রেতাদের কাছে ইয়াবা সরবরাহের জন্য গাজীপুরের নিরিবিলি কোনো এলাকাকে বেছে নেন। গোপন সূত্রে তার ইয়াবার চালান নিয়ে যাওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *