সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেন। চিত্রনায়িকা অপু বিশ্বাসও হতাশ ও বিরক্ত। সম্প্রতি দেশের সিনেমা ইন্ডাস্ট্রি ডাস্টবিনের সঙ্গে তুলনা করেন এই চিত্রতারকা। অপু বিশ্বাসের দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুলপ্লেজেড চলচ্চিত্র দেখেই ভক্ত তৈরি হতো। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। আমার মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এখন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। পক্ষ–বিপক্ষ তো সব জায়গাতেই থাকে–বলিউড, হলিউড, টালিউডেও আছে। কিন্তু সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। আমাদের এখানে সেই পরিবেশটা নেই। খবর বাংলানিউজের।

অপু বিশ্বাসের এমন মন্তব্যের পর নানা আলোচনা–সমালোচনা চলছে। এবার সেই মন্তব্যের কারণ জানালেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, ২০০৭ সালে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন কাজ দিয়েই প্রতিযোগিতা হতো। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে কীসের কমপিটিশন হচ্ছে? যখন কোনো শিল্পী অনেকদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সকলের কাছে পরিচিতি অর্জন করেছেন; তাকে সম্মান করা উচিত। তার ব্যক্তিগত বিষয়গুলো যখন নেগেটিভভাবে সামনে নিয়ে আসা হয়, তখন কিন্তু চলচ্চিত্রের জায়গাটা নড়বড়ে হয়ে যায়। ওই জায়গা থেকে ডাস্টবিনের কথা বলেছি।

তিনি বলেন, গত সাত থেকে আট মাস যাবত নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে আড়াল করে রেখেছি। দেখতে চাই না। কারণ সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যে ধরনের কন্ট্রোভার্সি হয়, আমার কথাগুলো যেভাবে বাজেভাবে উপস্থাপন হয়– এটা ভালো লাগে না। তবে সোশ্যাল মিডিয়ার সমালোচনা ও ট্রলিং তার ব্যক্তিজীবনে কোনো প্রভাব পড়ে না বলে জানান অপু। তিনি বলেন, যারা এসব করছে তারা আমাকে চেনে না, জানেও না। তারা আমাকে পর্দায় দেখে। আমি এই বিষয়গুলো এনজয় করি। আমার কাজ সামনে এগিয়ে যাওয়া। আমি উপার্জন করি, সফলতার সঙ্গে চলি, ভালো আছি।

এদিকে বিরতি কাটিয়ে সম্প্রতি দুই সিনেমায় নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ ও বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’। থ্রিলার ও মার্ডার মিস্ট্রি গল্পে নির্মিত ‘দুর্বারে’ অপুর নায়ক আবদুন নূর সজল। ‘সিক্রেট’ সিনেমায় অপুর নায়ক আদর আজাদ। দুই নায়কের সঙ্গে পর্দায় প্রথমবার দেখা যাবে অপু বিশ্বাসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *