ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় রয়েছে পাঁচটি সিনেমা— প্রেশার কুকার, বনলতা এক্সপ্রেস, প্রিন্স, রাক্ষস এবং দম। ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়া এই সিনেমাগুলোর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে একটি বিষয়—দৈর্ঘ্য। আর সেই দৈর্ঘ্যের ভিন্নতাই ইঙ্গিত দিচ্ছে ভিন্নধর্মী দর্শক অভিজ্ঞতার।
সবচেয়ে দীর্ঘ সিনেমা হিসেবে শীর্ষে রয়েছে প্রেশার কুকার। রায়হান রাফী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের এই ছবির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৫২ মিনিট। সময়সীমা বলছে, বড় ক্যানভাসে বিস্তৃত গল্প বলার প্রস্তুতি নিয়েই আসছে সিনেমাটি।
এর পরেই রয়েছে বনলতা এক্সপ্রেস। তানিম নূর পরিচালিত এই তারকাবহুল ছবির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৩ মিনিট ২০ সেকেন্ড। উৎসবঘন নির্মাণে পরিচিত এই নির্মাতার ছবিটি নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে।
তৃতীয় অবস্থানে আছে প্রিন্স। শাকিব খান অভিনীত এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট। বাণিজ্যিক ধারার ছবির জন্য এটি একটি ভারসাম্যপূর্ণ সময় হিসেবেই দেখা হচ্ছে।
এরপর রয়েছে রাক্ষস। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত এই থ্রিলারধর্মী ছবির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২১ মিনিট ২১ সেকেন্ড। ঘনত্বপূর্ণ গল্প বলার জন্য এই সময়সীমাকে উপযুক্ত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঁচটির মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্যের সিনেমা দম। রেদওয়ান রনি পরিচালিত এবং আফরান নিশো অভিনীত এই ছবির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট ২৮ সেকেন্ড। তুলনামূলকভাবে ছোট হলেও ট্রেলারে দেখা গেছে গতি ও নির্মাণশৈলীতে আলাদা মাত্রা, যা দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।