ক্যারিয়ারের শেষ বিকেলে এসেও থামছেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একের পর এক রেকর্ডের খাতা ওলট-পালট করে দিচ্ছেন পর্তুগিজ এই সুপার স্টার। সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে জোড়া গোল করে প্রথম ফুটবলার হিসেবে বয়স ত্রিশ ছোঁয়ার পর ৫০০ গোল করার অনন্য রেকর্ড গড়েছেন সিআরসেভেন। রবিবার এই ম্যাচে ঘরের মাঠে আল-হাজমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল-নাসর। এই জয়ে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াদের ক্লাবটি। মাইলফলক স্পর্শ করার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছেন রোনাল্ডো। সিআর সেভেনকে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়ে নিজের টিকটক হ্যান্ডলে পোস্ট করা ভিডিওতে ট্রাম্প বলেন, ‘রোনাল্ডো, তুমি সর্বকালের সেরা। আমেরিকা তোমাকে চায়। এভাবেই চালিয়ে যাও শিগগিরই এখানে তোমাকে দেখতে চাই আমরা।’
এ দিন ম্যাচের ১৩তম মিনিটে গোল করে আল-নাসরকে এগিয়ে দেন ৪১ বছর বয়সী রোনাল্ডো। কিংসলে কোমানের পাস থেকে বা পায়ের শটে বল জালে পাঠান। ৩০ বছর বয়স পার হওয়ার পর প্রথম ফুটবলার ও একমাত্র ফুটবলার হিসেবে ৫০০ গোল করলেন রোনাল্ডো। ম্যাচের ৩০ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে আল-নাসরের হয়ে দ্বিতীয় গোল করেন কোমান। প্রথমার্ধের শেষের দিকে রোনাল্ডোর আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৭৭ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে দারুণ গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ঠিক দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন সিআরসেভেন। কোমানের পাস থেকে বাম দিকের পেনাল্টি এরিয়ায় ঢুকে জোরাল শটে বল জালে পাঠান। সবমিলিয়ে রোনাল্ডোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৯৬৪। এই মহাতারকার লক্ষ্য ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা। এ নিয়ে সৌদি লিগে আল-নাসরের এটি টানা অষ্টম জয়। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে আল-নাসর। রাতের অপর ম্যাচে আল-ইত্তিহাদের সাথে ১-১ ড্র করার পর দ্বিতীয় স্থানে নেমে গেছে আল-হিলাল।
রেকর্ড গড়ার পর ম্যাচসেরাও হয়েছেন রোনাল্ডো। খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে লেখেন রোনাল্ডো এক পোস্টে লিখেছেন, ‘যেখানে আমাদের থাকার কথা, আবার সেখানেই ফিরেছি।’ তিনি বলেন, ‘আমি খুবই সুখী। আগেও বহুবার বলেছি, আমি সৌদি আরবেরই মানুষ। এই দেশ আমাকে, আমার পরিবার ও বন্ধুদের দারুণভাবে গ্রহণ করেছে। এখানে আমি সুখে আছি। আমি এখানেই থাকতে চাই।’ অবশ্য সৌদি প্রো লিগের এবারের মৌসুমে ২০ ম্যাচে ২০ গোল করেছেন এই মহাতারকা।