আহত সোফি টার্নার, স্থগিত ‘টম্ব রাইডার’ সিরিজের শুটিং

অভিনেত্রী সোফি টার্নারের চোটের কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম সিরিজ ‘টম্ব রাইডার’ এর দৃশ্যধারণ। প্রাইম ভিডিওর এই সিরিজটির প্রযোজনা স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। তবে প্রযোজনা সংস্থা অ্যামাজন এমজিএম স্টুডিওজ জানিয়েছে, অভিনেত্রীর আঘাত গুরুতর নয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ‘সোফি টার্নার সম্প্রতি পিঠে ছোটখাটো একটি চোট পেয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যাতে তিনি সুস্থ হওয়ার সময় পান। আমরা যত দ্রুত সম্ভব সিরিজটির পুনরায় দৃশ্যধারণ শুরুর অপেক্ষায় আছি।’ যদিও চিত্রগ্রহণ চলাকালীনই এই চোট পেয়েছেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লাইভ-অ্যাকশন সিরিজে কিংবদন্তি চরিত্র লারা ক্রফটের ভূমিকায় অভিনয় করছেন টার্নার। ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ এর খবরে বলা হয়েছে, আগে থেকেই থাকা পিঠের সমস্যাই নতুন করে বেড়ে যাওয়ায় এই চোটে পড়েছেন টার্নার। এর ফলে শুটিং অন্তত এক মাস, এমনকি পরিস্থিতি অনুযায়ী ছয় মাস পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে সিরিজটির শুটিং শুরু হয়েছিল। যদিও এখনও আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, ধারণা করা হচ্ছে ২০২৭ সালে এটি মুক্তি পেতে পারে।

চরিত্রটির জন্য দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক প্রস্তুতি নিতে হয়েছে টার্নারকে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে সপ্তাহে পাঁচ দিন, প্রতিদিন প্রায় আট ঘণ্টা করে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে টার্নার জানান, জীবনে আগে কখনও নিয়মিত শরীরচর্চা না করায় এই প্রস্তুতি তাঁর জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। তাঁর ভাষ্যে, ‘যারা আগে থেকে ব্যায়াম করেন, তাদের জন্য পেশি তৈরি করা সহজ। আমি কখনও করিনি, তাই ভালো শেপে আসতে অনেক সময় লেগেছে।’ 

‘গেম অব থ্রোনস’ সিরিজে সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া টার্নার নতুন এই চরিত্র নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তাঁর ভাষায়, ‘শুধু ঘুসি সহ্য করা নয়, ঘুসি মারতেও শেখা। এটা সত্যিই উপভোগ করছি।’ সিরিজটিতে আরও অভিনয় করছেন সিগুর্নি ওয়েভার, সেলিয়া ইমরি ও জেসন আইজ্যাকস। উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে এভলিন ওয়ালিস, ফ্রান্সিন এবং আটলাস ডি মর্নে।

‘টম্ব রাইডার’ প্রথম ভিডিও গেম হিসেবে প্রকাশিত হয় ১৯৯৬ সালে। পরবর্তীকালে একাধিকবার এই ফ্র্যাঞ্চাইজিটি নতুনভাবে নির্মিত হয়েছে। বড় পর্দায় লারা ক্রফট চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া ভিকান্দার। ২০১৮ সালের সংস্করণটি বক্স অফিসে মাঝারি সাফল্য পেলেও ভিকান্দারের অভিনয় প্রশংসিত হয়েছিল। পরিকল্পিত সিক্যুয়েলটি পরে স্বত্ব জটিলতায় বাতিল হয়ে যায়।
‘টম্ব রাইডার’ ফ্র্যাঞ্চাইজিটির স্বত্ব বর্তমানে রয়েছে সুইডিশ কোম্পানি এমব্রেসার গ্রুপের হাতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *