বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অটোমোবাইল ক্লাবের উদ্যোগে হয়ে গেল নতুন ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন গাড়ির প্রদর্শনী। বুধবার ক্যাম্পাসে এই প্রদর্শনীর আয়োজন করে ক্লাবটি।
‘অটো শো ৩.০’ নামের প্রদর্শনীতে বিভিন্ন ব্র্যান্ড তাদের গাড়ি উপস্থাপন করে। এর মধ্যে ছিল নতুন প্রযুক্তির সুপার হাইব্রিড গাড়ি যা একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মাধ্যমে চলে। শিক্ষার্থীরা বলছেন, জ্বালানির বর্তমান প্রেক্ষাপটে এমন গাড়ি খুবই প্রাসঙ্গিক।
প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করা- এই প্রদর্শনীর লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, বুয়েট অটোমোবাইল ক্লাবের মডারেটর আশিকুর রহমান, ছাত্রকল্যাণ পরিচালক একেএম মাসুদ। উদ্যোগটির সহযোগী হিসেবে ছিল অ্যামেচার স্পোর্টস টিম ‘দি স্লো কিডস’।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদেরকে শুধু তত্ত্ব নয় বরং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে হাইব্রিড প্রযুক্তি, ব্যাটারি পরিচালনা, আধুনিক গাড়ির নকশা ও জ্বালানির সাশ্রয় সম্পর্কে ধারণা দেয়। আয়োজনটি ছিল শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও শিক্ষামূলক উদ্যোগ।