বদলে যাওয়া তরুণ প্রজন্মের জীবনধারা

একসময় অবসর মানেই ছিল হলে গিয়ে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখা, কিংবা কালো অক্ষরে লেখা কাগজের বই হাতে নিয়ে নিঃশব্দে পড়াশোনায় ডুবে থাকা। বর্তমানে প্রযুক্তি, ডিজিটাল কনটেন্ট এবং এআইয়ের সমন্বয়ে তরুণ প্রজন্মের জীবনধারণের ধারা আগের যেকোনো সময়ের তুলনায় ভিন্ন হয়ে উঠেছে। এই পরিবর্তন শুধু অভ্যাসে নয়, চিন্তাভাবনা, সামাজিক সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনাতেও গভীর প্রভাব ফেলছে। সেই পরিবর্তনের নানা দিক নিয়ে লিখেছেন আলাউদ্দিন আলাদিন 

একসময় অবসর মানেই ছিল হলে গিয়ে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখা কিংবা কালো অক্ষরে লেখা কাগুজে বই হাতে নিঃশব্দে ডুবে থাকা। সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। আজকের তরুণ আর আগের মতো সিনেমা হলে গিয়ে নিয়মিত সিনেমা দেখে না; বরং ঘরে বসেই নেটফ্লিক্সসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে নিজের পছন্দের কনটেন্ট উপভোগ করে। একইভাবে কাগজের বইয়ের জায়গা দখল করেছে পিডিএফ, ই-বুক ও অনলাইন রিসোর্স। এই পরিবর্তনের পেছনে কাজ করছে প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং ইন্টারনেটের সহজলভ্যতা। স্মার্টফোন ও ল্যাপটপের পর্দায় এখন বিনোদন, শিক্ষা ও তথ্য, সবকিছু একসঙ্গে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স), যা তরুণদের শেখা, কাজ করা এবং সিদ্ধান্ত নেওয়ার ধরনেও এনেছে বড় ধরনের পরিবর্তন। 

বদলে যাওয়া জীবনধারা
প্রযুক্তি, ডিজিটাল কনটেন্ট এবং এআইয়ের এই সমন্বয়ে তরুণ প্রজন্মের জীবনধারা আগের যেকোনো সময়ের তুলনায় ভিন্ন হয়ে উঠেছে। এই পরিবর্তন শুধু অভ্যাসে নয়, চিন্তাভাবনা, সামাজিক সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনাতেও গভীর প্রভাব ফেলছে। সেই পরিবর্তনের নানা দিক ও তার তাৎপর্যে চোখ বোলাই, চলুন– 

সিনেমা হল থেকে স্ট্রিমিং যুগে
একসময় সিনেমা মানেই ছিল বড়পর্দা, অন্ধকার হলঘর আর নির্দিষ্ট সময়ের শো। সময়ের সঙ্গে সঙ্গে তরুণ প্রজন্মের বিনোদনের অভ্যাসে বড় পরিবর্তন এসেছে। এখন তারা নিজের সময় ও সুবিধা অনুযায়ী কনটেন্ট দেখতে চায়। সেই চাহিদার জায়গা থেকেই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। 

নেটফ্লিক্স: ব্যক্তিগত পছন্দের বিনোদন
নেটফ্লিক্স তরুণ প্রজন্মের বিনোদন ধারণাকে একেবারেই বদলে দিয়েছে। এখানে নির্দিষ্ট সময়ের বাধ্যবাধকতা নেই। নেই টিকিট কেটে হলে যাওয়ার ঝামেলাও। একজন দর্শক নিজের সুবিধামতো সময় বেছে নিয়ে সিরিজ বা সিনেমা দেখতে পারে। বিভিন্ন দেশের কনটেন্ট, ভিন্ন ভাষা ও ঘরানার গল্প তরুণদের চিন্তা ও রুচিকে আরও বৈচিত্র্যময় করে তুলছে। ফলে বিনোদন এখন সময় কাটানোর পাশাপাশি বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে পরিচয়ও করিয়ে দিচ্ছে।

ওটিটি প্ল্যাটফর্ম: দেশীয় কনটেন্টের নতুন ঠিকানা 
নেটফ্লিক্সের পাশাপাশি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোও তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এসব প্ল্যাটফর্ম স্থানীয় গল্প, সমাজবাস্তবতা ও সমসাময়িক বিষয় তুলে ধরছে, যা তরুণদের নিজেদের সঙ্গে বেশি সংযুক্ত করে। সিনেমা হলে যাওয়া যেখানে সময় ও খরচের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে মোবাইল বা টিভির পর্দায় ওটিটি কনটেন্ট সহজেই পাওয়া যাচ্ছে। এতে বিনোদন আরও ব্যক্তিগত ও সহজলভ্য হয়ে উঠেছে। নেটফ্লিক্স ও ওটিটি–এই দুই ধারার মিলিত প্রভাবে তরুণ প্রজন্মের বিনোদনের অভ্যাস পুরোপুরি রূপান্তরিত হয়েছে। বড়পর্দার জায়গা দখল করেছে ছোটপর্দা, আর নির্দিষ্ট সময়ের বিনোদন বদলে গেছে নিজের মতো করে উপভোগ করার স্বাধীনতায়। 

কাগজের বই থেকে ডিজিটাল পড়াশোনা
একসময় পড়াশোনা মানেই ছিল ভারী ব্যাগভর্তি বই, লাইব্রেরির তাক আর নোটের খাতা। আজ সেই দৃশ্যও দ্রুত বদলে যাচ্ছে। তরুণ প্রজন্ম এখন কাগজের বইয়ের পরিবর্তে পিডিএফ, ই-বুক ও অনলাইন রিসোর্সে বেশি নির্ভরশীল হয়ে উঠছে। একটি স্মার্টফোন বা ল্যাপটপেই এখন শত শত বই বহন করা সম্ভব, যা আগের প্রজন্ম কল্পনাও করতে পারেনি। ডিজিটাল পড়াশোনার সবচেয়ে বড় সুবিধা হলো সহজলভ্যতা। যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে প্রয়োজনীয় বই বা নোট ডাউনলোড করে পড়া যায়। সার্চ অপশন, হাইলাইট ও নোট যোগ করার সুবিধা শিক্ষার্থীদের পড়াশোনাকে দ্রুত ও কার্যকর করে তুলেছে। 

সামাজিক সম্পর্ক ও মানসিকতায় পরিবর্তন
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই নতুন জীবনধারা তরুণ প্রজন্মের সামাজিক সম্পর্ক ও মানসিক জগতেও গভীর প্রভাব ফেলছে। একদিকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সংযুক্ত, অন্যদিকে বাস্তব সামাজিক সম্পর্ক অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ছে। বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে সময় কাটানো বা সরাসরি মুখোমুখি কথোপকথনের জায়গা দখল করছে ভার্চুয়াল যোগাযোগ। সামাজিক মাধ্যম ও মেসেজিং অ্যাপ তরুণদের মধ্যে দ্রুত যোগাযোগের সুযোগ তৈরি করলেও, গভীর আবেগী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তা সবসময় কার্যকর হচ্ছে না। অনেক তরুণ ভার্চুয়াল জগতে সক্রিয় থাকলেও বাস্তব জীবনে একাকিত্ব অনুভব করছে। গবেষকদের মতে, দীর্ঘ সময় স্ক্রিনে ডুবে থাকার ফলে মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকিও বাড়ছে।

ঝুঁকি ও চ্যালেঞ্জ
যদিও প্রযুক্তিনির্ভর এই জীবনধারা বহু সুবিধা এনে দিয়েছে, তবে এর সঙ্গে কিছু গুরুতর ঝুঁকি এবং চ্যালেঞ্জও যুক্ত হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত স্ক্রিননির্ভরতা। দীর্ঘ সময় মোবাইল, ল্যাপটপ বা টিভির পর্দায় ডুবে থাকার ফলে চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত এবং শারীরিক সক্রিয়তা কমে যাওয়ার মতো স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। মনোযোগের সংকটও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। দ্রুত কনটেন্ট বদলানোর অভ্যাস, এক ভিডিও থেকে আরেক ভিডিও, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার প্রবণতা, তরুণদের গভীরভাবে চিন্তা করা ও দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার ক্ষমতাকে দুর্বল করছে। পড়াশোনা বা সৃজনশীল কাজে ধৈর্য ধরে বসে থাকার অভ্যাস অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। এছাড়া তথ্যের গোপনীয়তা, ভুয়া তথ্যের বিস্তার এবং ডিজিটাল আসক্তি তরুণ প্রজন্মের জন্য নতুন ধরনের মানসিক ও সামাজিক চাপ তৈরি করছে। তাই এই পরিবর্তিত বাস্তবতায় প্রযুক্তিকে অন্ধভাবে গ্রহণ না করে সচেতন ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পরিবর্তনের চিত্র এবং সম্ভাবনা
স্মার্টফোন ও সাশ্রয়ী ইন্টারনেটের কারণে শিক্ষার্থী ও তরুণদের বড় একটি অংশ ডিজিটাল কনটেন্টের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। তবে এই পরিবর্তন সবার জন্য সমান নয়। শহর ও গ্রামের মধ্যে এখনও ডিজিটাল বিভাজন বিদ্যমান। অনেক গ্রামে ইন্টারনেটের গতি, ডিভাইসের প্রাপ্যতা ও ডিজিটাল দক্ষতার ঘাটতি থাকায় তরুণরা সমান সুযোগ পাচ্ছে না। ফলে প্রযুক্তিনির্ভর এই নতুন জীবনধারার সুফল সবাই সমানভাবে ভোগ করতে পারছে না। অন্যদিকে, দেশের তরুণদের একটি বড় অংশ প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন পথ তৈরি করছে। সঠিক পরিকল্পনা, ডিজিটাল শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে প্রযুক্তি ও এআই তরুণ প্রজন্মের জন্য শক্তিতে পরিণত হবে; এমনটাই বিশ্বাস আমাদের! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *