দোকানে অতর্কিত হামলায় যুবক নিহত, আহত ৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি: সুমন বড়ুয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্রধারীদের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে মো. মোজাহেদ (২৬) নমে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়াও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মোজাহেদ ওই এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।

আহতরা হলেন— আবু তাহের, মো. ফয়জুল্লাহ, মো. ফরহাদ, মো. জামাল ও জালাল উদ্দীন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ৩০ থেকে ৪০ জনের একদল সন্ত্রাসী এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে একটি দোকানে অতর্কিত হামলা চালায়। তারা কেউ গুলি ছুঁড়েছে, কেউ কেউ ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছিল। এতে একজন গুলিবিদ্ধ ও ৫/৬ জন আহত হয়েছে। পরে তাদের হাসপাতালে নেওয়ার পর রাত ১০টার দিকে গুলিবিদ্ধ ওই ছেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এ সময় তিনি অভিযোগ করে জানান, সন্ত্রাসীদের উৎপাতের কারণে এখানে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। তবুও তাদের উৎপাত কমছে না।

ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *