রাঙামাটিতে নির্বাচনি দায়িত্ব পালন করতে গিয়ে আনসার সদস্যের মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে রাঙামাটিতে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলার বরকল উপজেলার সুবলং আনসার ব্যাটালিয়ন থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য জুরাছড়ি উপজেলায় পৌঁছানোর পর তাঁর মৃত্যু হয়।

মৃত আনসার সদস্যের নাম মো. এরশাদ আলী (৫৭)। তিনি সুবলং আনসার ব্যাটালিয়নের সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।

আনসার ও ভিডিপির রাঙামাটি জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দ্বায়িত্ব) বিকাশ চন্দ্র দাস বলেন, সেখানে (জুরাছড়ি) পৌঁছানোর পরই তার সহকর্মীদের সঙ্গে কথা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে জুরাছড়ি উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জুরাছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীহ ফারুখ বলেন, তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্পিডবোটে করে লাশ রাঙামাটি জেলা সদরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *