চট্টগ্রামে জুলাই জাগরণ উপলক্ষে নবউদ্যমে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত

গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রামে “জুলাই জাগরণ নবউদ্যমে বিনির্মাণ” শীর্ষক একটি র‍্যালি আয়োজন করেছে। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড় থেকে শুরু হওয়া এই র‍্যালিটি মুরাদপুর হয়ে ২ নম্বর গেইট এলাকায় গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন পাটোয়ারী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি, মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল মোহাইমিন পাটোয়ারী। তিনি বলেন, “জুলাই বিপ্লবের এক বছর পরেও মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হয়নি, বরং গণহত্যার আসামিরা জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত বিচার এবং বিচার বিভাগের কাঠামোগত সংস্কারের দাবি জানাই।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার আন্দোলনের শরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, যা শহীদদের রক্তের প্রতি বেঈমানি ছাড়া কিছু নয়। নতুন বাংলাদেশে বেঈমানদের কোনো জায়গা নেই।”

বিশেষ অতিথি হিসেবে মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, “আজকের দিনে আমাদের অনুভূতি মিশ্রিত—আনন্দ ও বেদনা। গত বছর আজকের দিনে মেডিকেল মর্গগুলো লাশে ভরা ছিল, আর স্বৈরাচার পালিয়ে গিয়েছিল। কিন্তু এখন কিছু রাজনৈতিক শক্তি আন্দোলনের ভূমিকা অস্বীকার করছে, যা আমরা তীব্রভাবে প্রতিবাদ করি।”

মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, “আজ আমরা ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে যাচ্ছি। এই ঘোষণাপত্রে শহীদ ও আহতদের পূর্ণ স্বীকৃতি এবং পুনর্বাসন নিশ্চিত না হলে জাতি আবারও একটি নতুন অভ্যুত্থানের দিকে ধাবিত হবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী বলেন, “গত বছর এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শাসকের পতন ঘটিয়েছিলাম। ভবিষ্যতে যদি আমরা শাহাদাতের চেতনায় ঐক্যবদ্ধ থাকি, তবে বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদ টিকতে পারবে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হকসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *