আইনজীবী আলিফ হত্যা মামলায় বাদীকে হাজিরার নির্দেশে সমন জারি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ৩৮ আসামির বিরুদ্ধে থানার দাখিলকৃত প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে বাদীর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত ২৫ আগস্ট দিন ধার্য করেছেন।

রোববার (১০ আগস্ট) আদালত এই সিদ্ধান্ত দেন। এর আগে ১ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান মামলার চার্জশিট আদালতে দাখিল করেন। চার্জশিটে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, চাঞ্চল্যকর এই মামলায় বাদী ও নিহতের পিতা বয়সজনিত কারণে আদালতে হাজিরা দিতে পারেননি, তাই আদালত তাদের উপস্থিতির জন্য সমন জারি করেছেন।

তিনি আরও জানান, চার্জশিটে মোট ৪২ জন আসামির তথ্য রয়েছে, যাদের মধ্যে ৩ জন এজাহারভুক্ত এবং ১ জন তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। বর্তমানে ২০ জন গ্রেপ্তার ও ১৮ জন পলাতক রয়েছেন।

গত ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের প্রতিবাদে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *